রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলারদের দাপটে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের প্রথম ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। এতে দিন শেষে ২৩ রানের লিড পায় বাবর আজমের দল।
রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরু থেকেই স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। এতে মাত্র ২৫ রান তুলতেই হারায় ৪ উইকেট। এক পর্যায়ে ৩৬ রানে ৫ উইকেটে পরিণত হয় সফরকারীরা।
বিপদে পড়া শ্রীলঙ্কার হাল ধরেন কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা। ষষ্ঠ উইকেটে কুশল ও দিনুশার ৬৩ বলে ৪৯ রানের জুটি শ্রীলঙ্কাকে কিছুটা স্বস্তি দেয়। কুশল মেন্ডিস ৫০ বলে ৩২ রান করেন। আর দিনুশার ব্যাট থেকে আসে ৪০ বলে ২১ রান। এটিই ছিল শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ চার উইকেট হারায় মাত্র ১৩ রানের ব্যবধানে। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ৯৮ রানেই থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ আব্বাস। ১৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। সমান তিনটি করে উইকেট পেয়েছেন রাজাউল্লাহ ও আমির জামালও। এ ছাড়া প্রথম টেস্টে ৭ উইকেট নেওয়া সাকিব খান এবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পেয়েছেন ১ উইকেট।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার তায়েব আরিফ ও আজান আওয়াইস গড়েন ৮০ রানের জুটি। ৮২ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে ফেরেন তায়াব। এরপর ১৫ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় স্বাগতিকেরা। মোহাম্মদ তাহার (৮) উইকেট নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। অধিনায়ক বাবরও করেছেন ৮ রান। তাঁকে বোল্ড করেন লাহিরু কুমারা।
১৫ রানে ২ উইকেট হারিয়ে ৩৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রানে পরিণত হয় পাকিস্তান। তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন আজান আওয়াইস। দিন শেষে ৯৬ বলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। ২ রানে ব্যাটিং করছেন সাকিব। প্রথম দিনের খেলা শেষে ৩৭.২ ওভারে ৩ উইকেটে ১২১ রান করেছে পাকিস্তান। তাতে শ্রীলঙ্কার চেয়ে ২৩ রানে এগিয়ে স্বাগতিকেরা।