এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৬০ বোতল বিদেশি মদসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সিলেটের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২১ জুলাই) গভীর রাতে র্যাব-৯, সদর কোম্পানির একটি টিম এই অভিযান চালায়।
র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সিলেটগামী একটি সাদা প্রাইভেটকার ও একটি পাজারো জিপকে থামানোর সংকেত দিলে গাড়ি দুটি থামে। তবে গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে গাড়ি দু’টিতে তল্লাশি চালিয়ে পাজারো গাড়ি থেকে বিশেষভাবে রাখা অবস্থায় ১,৪৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটি (প্রাইভেটকার ও পাজারো জিপ) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
মো. আমজাদ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গনি শেখ, সাং- গোপীনাথখিলা, পূর্বধলা, নেত্রকোনা
মো. মুন্না (২৩), পিতা- রেজাউল করিম, সাং- তিনদহ পূর্বপাড়া, গাইবান্ধা সদর
মো. সজিব (২৩), পিতা- আ. রাজ্জাক, সাং- শাখারিয়া, আমতলী, বরগুনা
রিপন (৩৩), পিতা- মো. পান্নু মিয়া, সাং- হরিণধরা, সাভার, ঢাকা
মো. রুবেল (২৩), পিতা- মো. দেলোয়ার হোসেন, সাং- আঙ্গুলকাটা, আমতলী, বরগুনা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা মদ পাচারের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়।