৫টি হত্যা মামলার আসামী সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেফ্তার

রাজধানীর উত্তরার বাসা থেকে রাত ২টা ২০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।  সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সিলেটে পাঁচটি হত্যা মামলা রয়েছে। গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে বাসায় গেলে ব্যাগ হাতে নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বের হয়ে যান নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ ও মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিয়ানীবাজারে ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। দুটি মামলাই থানায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম পৃথক দুটি হত্যা মামলা করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদ প্রধান আসামি।

নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। ছয় দফা ও ১১ দফাভিত্তিক আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। গেরিলা বাহিনী সংগঠিত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগ দেওয়ার পর দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।