স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বুধবার দুপুরে নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে এলাকাবাসী সিসিক প্রশাসকের কাছে খেলার মাঠ সংস্কার, ছড়ার ওপর সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের কারণে সৃষ্ট জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এলাকাবাসীর বক্তব্য শুনে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেনটি প্রশস্তকরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কানিশাইলে ছড়ার ওপর একটি সেতু নির্মাণ অত্যন্ত প্রয়োজন। সেতু না থাকায় এলাকার শিশু-কিশোর ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, এলাকার খেলার মাঠ সংস্কার এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের অংশ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে নাগরিকদের দুর্ভোগ কমে এবং জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়।
এ সময় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাকিব আহমদ, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক সেলিম আহমদ, মহানগর বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিয়ামত এলাহী, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক মকছুদুল করিম ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।