ডায়ালসিলেট রিপোর্ট :: ইতালিতে নিজ গৃহে একই পরিবারের স্বামী,স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পরিবারের তিন সদস্যকে হত্যাকাণ্ডর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরকাঁকড়া ৫নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও তাদের ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
এ ঘটনায় তাদের ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে।
ঘটনার চলমান অবস্থায় বাবুলের ছেলে অয়ন বাহির থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তারা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।