সিলেট

কানাইঘাটে ভারতীয় অবৈধ জিরাবাহী পিকআপের ধাক্কায় শিশু আহত, জিরাসহ গাড়ি জব্দ

কানাইঘাটে ভারতীয় অবৈধ জিরাবাহী পিকআপের ধাক্কায় শিশু আহত, জিরাসহ গাড়ি জব্দ

কানাইঘাট প্রতিনিধি ইকবাল বাহার :

সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরা বহনকারী একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম (৪) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ২১ বস্তা জিরাসহ একটি এইচ পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ৫ নং বড়চতুল ইউনিয়নের চতুল দরবস্ত সড়কের রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত খাদিজা বেগম রায়পুর গ্রামের মুমিন আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপের ধাক্কায় শিশু খাদিজার মাথায় গুরুতর আঘাত লাগে, এতে সে মাটিতে লুটিয়ে পড়ে, অত:পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসাপাতালে রেফার করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন অবৈধ জিরাসহ পিকআপটি আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে অজ্ঞাত ব্যাক্তিরা পিকআপে থাকা জিরার বস্তাগুলো সরিয়ে নিয়ে যায়, কানাইঘাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ঐ এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা জিরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে উদ্ধারকৃত জিরাসহ গাড়িটি কানাইঘাট থানায় নিয়ে আসে।

শিশু খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে সংবাদ প্রকাশের পূর্ব পর্যন্ত থানায় কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, জব্দকৃত জিরার বস্তাগুলো ও গাড়িটি কানাইঘাট থানায় রাখা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।