স্টাফ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাক আটকসহ দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চণ্ডীপুল-জালালপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মামুনুর রশিদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাক তল্লাশি করে বালুর ভেতর থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ থানার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং এয়ারপোর্ট থানাধীন রঙ্গিন টিলা এলাকার ছালিয়া পশ্চিমপাড়ার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।