দক্ষিণ সুরমায় সিএনজি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় মোহন বাগচি (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন মারকাজ পয়েন্টের সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মামুনুর রশিদ মামুনসহ পুলিশের একটি দল।

এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোহন বাগচিকে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার বুরজান চা-কারখানার মাঝলাইনের বাসিন্দা। তাঁর পিতা করুণা মোহন বাগচি এবং মাতা সন্ধ্যা রানী বাগচি।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ৩১ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১৯(ক)/৩৮ অনুযায়ী মামলা নং-২০ দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।