স্টাফ রিপোর্টার:
ক্যাশলেস ব্যাংকিং সেবা জোরদার এবং গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দিতে চালু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন একটি সেলফ সার্ভিস সেন্টার।
বুধবার (১১ নভেম্বর) সকালে নগরীর আম্বরখানা সাপ্লাই রোডে পূবালী ব্যাংক পিএলসি মহিলা কলেজ ইসলামী শাখার আওতায় এই সেলফ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই সেন্টারের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, নতুন অ্যাকাউন্ট খোলা এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারবেন। ব্যাংকের প্রচলিত শাখার ওপর থেকে বাড়তি চাপ কমানোর পাশাপাশি এই উদ্যোগ গ্রাহকদের সময় ও ভোগান্তি অনেকটাই লাঘব করবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলফ সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
পূবালী ব্যাংক পিএলসি মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক ও এজিএম কবিরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিন, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরী, সিলেট ক্লাবের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আফজাল রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এ ধরনের সেলফ সার্ভিস সেন্টার স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি