বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক মাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মুসলিমরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার বাড়ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে ইতোমধ্যে অ্যাপটি ৩ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।
মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হলেও ‘আলফাফা’ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। উদ্দেশ্য ছিল এমন একটি সামাজিক মাধ্যম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। প্ল্যাটফর্মটির লক্ষ্য বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তোলা।