আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল রাজপথ, নিরাপত্তায় ১০ হাজারের বেশি বাহিনী মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল রাজপথ, নিরাপত্তায় ১০ হাজারের বেশি বাহিনী মোতায়েন

 

স্টাফ রিপোর্টার

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে শনিবার বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানী প্যারিসসহ দেশটির একাধিক শহরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ১০ হাজারের বেশি পুলিশ ও জঁদার্ম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে প্যারিসেই রয়েছেন প্রায় ৫ হাজার নিরাপত্তাকর্মী। বিক্ষোভ ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় প্যারিসের শঁজেলিজে সড়ক, গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং রাষ্ট্রীয় স্থাপনার আশপাশের নির্দিষ্ট এলাকায় অননুমোদিত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় নজরদারি জোরদার করেছে পুলিশ। প্যারিস, মার্সেই ও লিয়ঁসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে অন্তত ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। বিক্ষোভের কারণে রাজধানীসহ কয়েকটি শহরে সড়ক চলাচলে বিঘ্ন, যানজট এবং গণপরিবহন পরিষেবায় সাময়িক পরিবর্তন ঘটতে পারে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নের দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির ওপর নজর রাখছে ফরাসি প্রশাসন।