সিলেট

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। এ সময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী ও নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়নের প্রশংসা করেন। পাশাপাশি নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই শহরের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে রাসিক প্রশাসক ও ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, একই ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ও এশিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।