সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ আশিক আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করে ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আশিক আহমদকে আটক করা হয়।
গ্রেফতার আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট থানাধীন তারাকাল এলাকার বাসিন্দা। তার পিতার নাম সাজিবুর রহমান এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা নং-৪০ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।