সিলেটে বালুর নিচে লুকানো ভারতীয় পণ্য উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে ঢাকা মেট্রো-ট-২২১২০৯ নম্বরের একটি বালুভর্তি টাটা ট্রাক আটক করা হয়।

অভিযানে ট্রাকের চালক মোঃ আবুল কাশেম (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার ফতেপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় বসবাস করতেন।

পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে Gardour SAFARI চকলেট, SOBISCO বিস্কুট, BENZO চকলেট, Nestle Munch চকলেট, Classic Soan Papdi ও Amul Cool জুসসহ বিভিন্ন ধরনের পণ্য।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। এ সময় পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ২ নভেম্বর ২০২৬। গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।