সেঞ্চুরির পর হৃদয়ের ১৫০

দলের ক্রান্তিকালে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। ম্যাজিক্যাল ফিগার স্পর্শের পর সেই ইনিংসটাকে আরও বড় করলেন তিনি। ১৫০ রান পূর্ণ করলেন এই ব্যাটার।

শামার জোসেফের করা ৮৪তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ১৫০ রান পূর্ণ করেন হৃদয়। এই ইনিংস খেলার পথে ১৪ চারের পাশাপাশি পাঁচটি ছক্কা মারেন তিনি। মিরপুর টেস্টে দুইবার বাজে শটে আউট হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। সিলেটে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিচ্ছেন তিনি।

হৃদয়ের এই ইনিংসে ভর করে রানের খাতা সচল রেখে ওয়েস্ট ইন্ডিজের পিছ ছুটছে বাংলাদেশ। সাদমান ইসলামের চোটে এক ব্যাটার কম নিয়ে ইনিংস শুরু করা স্বাগতিকেরা ১৮৪ রানে সপ্তম উইকেট হারিয়ে ধুঁকছিল। তখন মনে হচ্ছিল, ২০০ রানও করতে পারবে না বাংলাদেশ। কিন্তু হৃদয়–তাইজুল জুটিতে দৃশ্যপট বদলে গেছে।

অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়েছেন হৃদয়। এই জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় তাঁদের জুটিতে অবিচ্ছিন্ন ৯০ রান পেয়েছে বাংলাদেশ।

এর আগে ৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৭৩ রান যোগ করেন হৃদয়। এরপর ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪১ রানের জুটি বাঁধেন হৃদয়।