হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চিত্রনায়ক হেলাল খান ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বাড়ছে আলোচনা-সমালোচনা, শিল্পীদের মাঝে দেখা দিচ্ছে বিভক্তি।মানচিত্র দেখুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার এফডিসি গেটে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। শিল্পী সমিতির অফিসের সামনে জয় চৌধুরীসহ অনেকে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। একপর্যায়ে জয়কে ‘তুই ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন এবং গালিগালাজ করেন। এই ঘটনায় বেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।

জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা মূলত বাইরের লোকজন। তাঁরা অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন। জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’

হেলাল খান ও জয় চৌধুরীর বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একজন শিল্পী হয়ে আরেক শিল্পীকে গালিগালাজ করার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে। হেলাল খানের সমালোচনা করে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আঁচল, সমিতির কার্যনির্বাহী সদস্য কায়েস আরজু, শিপন মিত্র, শিরিন শিলাসহ অনেকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে ভুল-বোঝাবুঝি বললেও পরে জয় চৌধুরী বলেন, ‘শিল্পীদের আমি কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ করতে পারি কিন্তু কে আসবে আর কে আসবে না সেটা নিতান্তই তাদের ব্যাপার। জানি না কেন এমন ব্যবহার করলেন তিনি (হেলাল খান)। সিনিয়রদের কাছ থেকে আমাদের শেখার কথা, কিন্তু ব্যবহার দেখে বোঝা গেল তাঁর কাছ থেকে শেখার কিছু নেই।’

জয় আরও বলেন, ‘হেলাল খানকে অভিভাবক মেনে ১৯ সংগঠনের আহ্বায়ক করা হয়েছিল। ১৯ সংগঠনের কাজ হলো বিরোধ মীমাংসা করা। সেখানে উনি যদি সমস্যা সৃষ্টি করেন, তাহলে আর কী করা। যে নেতা তাঁর সংগঠনের সদস্যদের হেয় করেন, শিল্পী সমিতি ভাঙার কথা বলেন, শিল্পীদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেন; সেই সংগঠনে আমার থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’সংবাদ পড়ুন

এ প্রসঙ্গে গণমাধ্যমকে হেলাল খান বলেন, ‘মানববন্ধন কোনো রাজনৈতিক ব্যানারে ছিল না। আমরা তো কাউকে বিএনপি করতে চাপ দিচ্ছি না। মানববন্ধন ছিল সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা যে সময় মানববন্ধন করছিলাম, তখন শিল্পী সমিতিতে একধরনের পাল্টা অনুষ্ঠানের চক্রান্ত করছিল। ডি এ তায়েব জন্মদিন পালন করতে ৪০-৫০ জন বহিরাগত মানুষ নিয়ে এসেছিল। ওদের অন্য উদ্দেশ্য ছিল। এ নিয়ে আমরা তদন্ত করছি। সত্যি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জয়ের সঙ্গে খারাপ ব্যবহার প্রসঙ্গে হেলাল খান বলেন, ‘আমি জন্মদিনের অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে গেলে জয় ছুটে আসে। তাকে মানববন্ধনে যাওয়ার কথা বললে সে ডি এ তায়েবের জন্মদিনের কথা বলে। ডি এ তায়েব তো ফ্যাসিস্ট। তার স্ত্রী আওয়ামী লীগের সময় উপজেলা চেয়ার‍ম্যান ছিল। জয় নিজেও তো মুজিব কোর্ট পরে ঘুরে বেড়াত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরে নির্বাচনের সময় আমার কাছে গিয়ে জানায় সে চাপে পড়ে ক্যারিয়ার বাঁচানোর জন্য আওয়ামী লীগ করেছে। এ সমস্ত দুমুখো সাপ আমরা সহ্য করব না। ফ্যাসিস্টদের অস্তিত্ব রাখব না। দলের চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন কালচারাল ফ্যাসিস্টদের নির্মূল করার।’সংবাদ বিশ্লেষণ