ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন টমাস ডুলি। সে ম্যাচের মতো অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের কোচ।
পায়ের ব্যথায় গত দুই দিন ঠিক মতো অনুশীলন করতে পারেননি বিশ্বনাথ। শ্রীলঙ্কা ম্যাচে তাঁকে নিয়ে কোনো ধরেনর ঝুঁকিতে যেতে চান না ডুলি। তাই বিশ্বনাথকে এক ম্যাচ স্ট্রাইকার হিসেবেই খেলিয়েই এবার নতুন পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে।
বিশ্বনাথের চোটে শুরুর একাদশে স্ট্রাইকার হিসেবে দেখা যাবে মোহাম্মদ ইব্রাহিমকে। ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্বনাথের বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন তিনি। তাই নাম্বার নাইনে তাঁর ওপরেই আস্থা রাখবেন ডুলি, সেটা একরকম নিশ্চিত।
গত সেপ্টেম্বরে আসিয়ান কাপের দলে জায়গা না পেলেও সাফে সুযোগ পেয়ে ডুলিকে যেন কড়া জবাবই দিয়েছেন ইব্রাহিম। শ্রীলঙ্কা ম্যাচে আক্রমণভাগের তাঁর দুই পাশে থাকবেন রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদ। বিশ্বনাথের চোট তাই খুব একটা ভাবাচ্ছে না বাংলাদেশকে।
ডিফেন্ডার হলেও সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পের শুরু থেকেই বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে অনুশীলন করিয়েছিলেন ডুলি। কোচের পরিকল্পনা বুঝতে বাকি ছিল কারও। সবার ধারণাকে সত্যি প্রমাণ করে বিশ্বনাথকে নাম্বার নাইন হিসেবে খেলিয়ে দেন ডুলি। যদিও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি বিশ্বনাথ। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে গোলের অপেক্ষা বাড়ান। তাতে আরও বেশি সমালোচিত হন ডুলি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একাধিক পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে। ভুটানের বিপক্ষে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পায়নি স্বাগতিকেরা। সে ম্যাচের পর ঢাকায় পা রাখেন তাঁরা। আজ এই দুই তারকা ফুটবলারের একাদশে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে শুরুর একাদশ থেকে কারা বাদ পড়েন, সেটাই এখন দেখার।
শেষ পর্যন্ত যে একাদশই মাঠে নামানো হোক, ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না হামজা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে শ্রীলঙ্কার ওপরই চাপ থাকবে। কারণ, তাদের হার এড়াতে হবে। আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি জিতব।’