কোন কৌশলে উপমহাদেশ জয় করল ওয়েস্ট ইন্ডিজ

আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। নাজমুল হোসেন শান্তদের ১-০ ব্যবধানে সিরিজ হারানো তাই কোনো কাজে না এলেও সেটা যেন উপমহাদেশের কন্ডিশনে সাম্প্রতিক সময়গুলোতে ক্যারিবীয়দের উন্নতির প্রতিফলন হয়েই থাকল।

একটা সময় উপমহাদেশের কন্ডিশনে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হতো ওয়েস্ট ইন্ডিজের। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে কঠিন পরীক্ষা দিতে হতো তাদের। স্পিনের সামনে ধসে পড়ত দলটির ব্যাটিং লাইন। কিন্তু সে সময় এখন অতীত। স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ে উন্নতির পাশাপাশি স্পিন বিভাগ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলও করছে তারা। যেটা উপমহাদেশে দলটির পারফরম্যান্সের সামগ্রিক চিত্র বদলে দিয়েছে। পরিসংখ্যান বলছে সে কথাই।

২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর পর্যন্ত উপমহাদেশে ৬ টেস্ট খেলে চারটিতেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। জয় বাকি দুটিতে। এ সময় মাত্র ৮ উইকেট নিতে পেরেছিল ক্যারিবীয় স্পিনাররা। সেখানে গত দুই বছরে অভাবনীয় উন্নতি করেছে তারা। এ সময়ে তিন সংস্করণে মোট ২৭ ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা শিকার করেছেন ১২৭ উইকেট। তাদের পেসাররা নিয়েছেন ৮৬ উইকেট। ব্যাটারদের উন্নতিও চোখে পড়ার মতো। সেরা ৫ রান সংগ্রাহকের সবাই চার শর ওপরে রান করেছেন। ২৩ ইনিংসে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ১০৯৫ রান করে সবার ওপরে আছেন শাই হোপ। সেরা পাঁচের বাকিরা হলেন আমির জাঙ্গু (৪৭৫), শেরফানে রাদারফোর্ড (৪৪৭), জন ক্যাম্পবেল (৪২৩) ও জাস্টিন গ্রিভস (৪০৮)।

উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজের বদলে যাওয়ার অন্যতম রূপকার জোমেল ওয়ারিক্যান। গত দুই বছরে ৬ টেস্টের ১১ ইনিংসে এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে উঠেছে ৪০ উইকেট। এত কম ইনিংস বল করে ৪০ উইকেট নিতে পারেননি আর কোনো স্পিনার। ৫৫ উইকেট নিয়ে সবার ওপরে থাকা ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ৩১ ইনিংস বল করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সবশেষ সিরিজ জয়ের নায়কও এই ওয়ারিক্যান। ৪ ইনিংসে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। ওয়ারিক্যানের ধারেকাছে নেই কেউ। ৮ উইকেটে নিয়ে তালিকার দুইয়ে আছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। এর আগে মিরপুর টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ারিক্যান।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট পেয়ে সিরিজসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট পেয়ে সিরিজসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান। ছবি: ক্রিকইনফো
সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দাপটও ছিল চোখে পড়ার মতো। ৩৬৬ রান করে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে তাওহীদ হৃদয়। সেরা পাঁচের বাকি চারটি জায়গায় সফরকারীদের দখলে। দলকে সিরিজে জেতানোর পথে কাভেম হজ ১৮১ রান, জাঙ্গু ১৭২, ব্র্যান্ডন কিং ১৬৬ ও কেভিন উইকহাম করেন ১৩৯ রান।

ব্যাটার-স্পিনারদের উন্নতির পাশাপাশি প্রধান কোচ ড্যারেন স্যামির রণকৌশলও উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজের উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। স্যামির কাছে উপমহাদেশ যেন তালুর মতো চেনা হয়ে গেছে। উপমহাদেশেই তাঁর নেতৃত্বে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১২,২০১৬) জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বিপিএলের সৌজন্যে বাংলাদেশেও কাজ করেছেন নিবিড়ভাবে।

এবার বাংলাদেশে আসার আগে ভারতের সঙ্গে ২-২ সমতায় টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি করেছে অতিথিরা। সে সিরিজ শেষ করেই বাংলাদেশে না এসে চেন্নাইয়ে প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে তারা। মূলত বাংলাদেশের স্পিন-সহায়ক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এই বিশেষ ক্যাম্পটা করেছেন রোস্টন চেজরা। ভালো প্রস্তুতির ফলও মিলেছে। ১-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।

চেন্নাইয়ের কন্ডিশনিং ক্যাম্প কতটা সহায়ক ছিল, সিরিজ শেষে সেটা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক চেজ। তিনি বলেন, ‘বাংলাদেশে খেলতে এলে স্পিনাররা আমাদের ভোগায়। তবে এবার স্পিন খেলার ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। দলের অনেকেই চেন্নাইয়ে গিয়ে কাছাকাছি কন্ডিশনে অনুশীলন করেছে। প্রচুর স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলা এবং নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা কাজে দিয়েছে।’

স্পিনারদের প্রশংসা করে চেজ বলেন, ‘আমরা যেকোনো ধরনের উইকেটের জন্য প্রস্তুত ছিলাম। পেস-সহায়ক উইকেট হলে আমাদের পেসাররা কাজে লাগত, আর স্পিন-সহায়ক হলে স্পিন বিভাগ তো ছিলই। বাংলাদেশ স্পিন সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যা শেষ পর্যন্ত তাদের জন্যই উল্টো ফল বয়ে এনেছে। এ কারণে আমরা খুব খুশি।’