কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩) সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি জামিল আহমদ (২৭), পিতা মৃত ইনতাজুল হক, সাং দুর্গাপুর আগফৌদকে রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে চতুল বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
একই মামলায় মো. মুজির উদ্দিন (৪৬), পিতা মৃত মুজম্মিল আলী, সাং ছোটফৌদকে সন্ধ্যা ৭টার দিকে মমতাজগঞ্জ বাজার থেকে এবং রাব্বু আহমদ (২৬), পিতা রফিক উদ্দিন, সাং ডালাইচরকে বিকেল ৫টার দিকে কানাইঘাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর ১১/২৫ (কানাইঃ) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কামরান আহমদ (২৭), পিতা ফয়জুল হক, সাং চরিপাড়া (বাড়ডি)কে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লোভাছড়া মুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত চার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে