এ কে আজাদ স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে রাতভর বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা-পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০ (তারিখ: ১১ নভেম্বর ২০২৬) তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিলীপ শর্মা (৩২), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এবং মো. ফয়েজ আহমদ (৪৩), সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।