পাঁচটি করবর্ষের বিপরীতে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা পৃথক লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
একই সঙ্গে লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, আবদুল্লাহ আল মামুন ও সরদার জিন্নাত আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, রায় স্থগিতের ফলে আপাতত অর্থ আদায়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
এর আগে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট।