ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আনার জন্য এখনো নির্দিষ্ট তারিখ ঠিক করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ফুটবল উন্নয়নের প্রকল্পগুলোর কাজ শুরু হলেই তাকে আমন্ত্রণ জানাতে চায় ফেডারেশন।

রোববার মরক্কোর রাবাত থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ইনফান্তিনো। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার বিরতির সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সহ-সভাপতিরা।

বৈঠক শেষে তাবিথ আউয়াল বলেন, ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় বরাদ্দ অর্থ দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হয়নি। এবার সেই তহবিল কাজে লাগিয়ে জাতীয় টেকনিক্যাল সেন্টার, সিলেটে হাইব্রিড পিচ এবং দুটি স্টেডিয়ামের ফ্লাডলাইটসহ সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে।

 

তিনি বলেন, “প্রেসিডেন্ট ইজ রেডি টু কাম এনিটাইম, সময়টা আমাদেরকেই নির্ধারণ করে দিতে হবে।”

 

এছাড়া ফিফা উইন্ডোতে ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আয়োজন এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।