চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি

ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি। তা সত্ত্বেও সির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তবে বেইজিংয়ের এই দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। তাইওয়ানের জন্য চীন বারবার ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু তাইওয়ানের প্রধান রাজনৈতিক দলগুলোর কোনোটি এই মডেল সমর্থন করে না। রাজনৈতিক খবর পড়ুন

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে সি চিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নের সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির ‘অটল ঐতিহাসিক দায়িত্ব’। তিনি বলেন, ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয়। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।

সির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, তাইওয়ান সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নিতে পারে না। কারণ, শেষ পর্যন্ত এর অর্থ দাঁড়াবে চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে আত্মসমর্পণ করা।

কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, ‘তাইওয়ানের পুনরেকত্রীকরণ নিয়ে বক্তব্যের ভাষায় নতুন কিছু নেই। আগের অবস্থানের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই।’

বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা বলেন সি। ১৯১১ সালের সেই বিদ্রোহে নেতৃত্বদানকারীদের অন্যতম ছিলেন সান ইয়াত-সেন। ওই বিদ্রোহের মধ্য দিয়ে চীনে কয়েক শতাব্দীর সম্রাট ও সম্রাজ্ঞীদের শাসনের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্রের সূচনা হয়।

সি বলেন, চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে অবিচল রয়েছে। ‘এক চীন নীতি’ বজায় রেখে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত। ‘এক চীন নীতি’ বলতে বেইজিংয়ের সেই অবস্থানকে বোঝায়, যেখানে বলা হয়, তাইওয়ান প্রণালির দুই পাশই একই দেশের অংশ।

সি আরও বলেন, তাইওয়ানসহ সব চীনা নাগরিকের উচিত একযোগে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরোধিতা করা এবং তাইওয়ান প্রণালির দুই পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা।

তবে সি চিনপিংয়ের বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের প্রসঙ্গ না থাকলেও তাইওয়ান দখলে বলপ্রয়োগের সম্ভাবনা কখনোই নাকচ করেনি চীন। দ্বীপটির চারপাশে প্রতিদিনই সামরিক তৎপরতা চালাচ্ছে চীনা সামরিক বাহিনী। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ও কার্যক্রমের পরিধিও বাড়াচ্ছে দেশটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দ্বীপটির চারপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনও রয়েছে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে এসব উড়োজাহাজ তাইওয়ানের আশপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ পরিচালনা করেছে।

তাইওয়ানের জনগণকে চীনের অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান

চীনের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি ও শিল্পকেন্দ্র শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে সির এই বক্তব্য এল। ওই সম্মেলনে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়া তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই সপ্তাহের কিছু বেশি সময় অবশিষ্ট রয়েছে।

গত মাসে সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে তাইওয়ানের নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছিল তাইওয়ান সরকার। সান ইয়াত-সেন এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি বিকৃত বলেও অভিযোগ করেছিল তাইপে।রাজনৈতিক খবর পড়ুন

বেইজিং সান ইয়াত-সেনকে মহান জাতীয় বীর ও দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে। একই সঙ্গে ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবেরও অগ্রদূত হিসেবে তাঁকে বিবেচনা করে চীন। ওই বিপ্লবে পরাজিত চীন প্রজাতন্ত্রের সরকার পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। সেই সরকার পরবর্তী সময়ে সেখানেই অবস্থান করতে থাকে এবং এখনো তাইওয়ানে চীন প্রজাতন্ত্রের সরকার বিদ্যমান।

সি চিনপিং বলেন, সান ইয়াত-সেন ছিলেন একজন মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক এবং ‘চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান পথিকৃৎ’।

তিনি আরও বলেন, ‘মি. সান ইয়াত-সেন সব সময় দেশের ঐক্য ও জাতির সংহতি বজায় রাখার পক্ষে ছিলেন। দেশ কিংবা জাতিকে বিভক্ত করে এমন সব বক্তব্য ও কর্মকাণ্ডের তিনি দৃঢ়ভাবে বিরোধিতা করতেন।’

‘জাতির জনক’ সান ইয়াত-সেন

তাইওয়ানে সান ইয়াত-সেনকে আনুষ্ঠানিকভাবে ‘জাতির জনক’ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়েও তাঁর প্রতিকৃতি টাঙানো রয়েছে। তবে তাঁর রাজনৈতিক দর্শন ‘থ্রি প্রিন্সিপলস অব দ্য পিপল’ এখন আর স্কুলশিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক পাঠ্য নয়।রাজনৈতিক খবর পড়ুন

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এবং তাঁর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীন থেকে তাইওয়ানের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। তবে চীন প্রজাতন্ত্রের ভূমিকা ও ঐতিহাসিক পরিচয়ের প্রশ্নে বেইজিংয়ের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তারা।

বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের কৃতিত্ব নিজেদের বলে দাবি করার জন্য বেইজিংয়ের প্রচেষ্টায় ক্ষুব্ধ তাইওয়ান। তাইপের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে লড়াই করেছিল চীন প্রজাতন্ত্রের সরকার। কারণ, ওই সময় গণপ্রজাতন্ত্রী চীনের অস্তিত্বই ছিল না।

চীন প্রেসিডেন্ট লাই চিং-তেকে একজন ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে এবং তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। অন্যদিকে লাইয়ের বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার দেশটির জনগণের।