স্টাফ রিপোর্টার:
স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত হয় না বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, করপোরেট সুশাসন এখন শুধু আইনগত বাধ্যবাধকতা নয়; বরং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, বিনিয়োগকারীদের আস্থা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ তৈরির অন্যতম প্রধান শর্ত। কেবল মুনাফা বা আর্থিক সাফল্য দিয়ে কোনো প্রতিষ্ঠানের অগ্রগতি মূল্যায়ন করা যায় না। এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, করপোরেট সুশাসনের চর্চা শুধু বেসরকারি খাতে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
দেশের ব্যাংক খাতের সুশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণসহ বিভিন্ন নীতিমালা শিথিল হওয়ায় ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতাকে অন্যতম বাধা উল্লেখ করে তিনি বলেন, লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এ সমস্যা সমাধানে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল রূপান্তর এবং সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
স্বাগত বক্তব্য দেন আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএস।
পরে বাণিজ্যমন্ত্রী করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ সম্মাননা তুলে দেন।