পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আলেমরা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাঁদের প্রভাব অত্যন্ত গভীর। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআনের মৌলিক নীতি ও দিকনির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা জাতীয় গৌরবের বিষয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্য এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বিশ্বপর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।
তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সতর্ক ও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ আমাদের পথপ্রদর্শক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্বারী ও অতিথিরা অংশ নেন। পরে রাষ্ট্রপতি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।