টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ খেলতে রোববার ঢাকায় পৌঁছেছে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার দুই ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকেরা। পাঁচ বছর পর আবারও ঘরের মাঠে সেই স্মৃতি মোছার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও সিরিজটি গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের সামনে অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ।

পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আটটিতে জিতেছে ক্যারিবীয়রা, বাংলাদেশ জিতেছে দুটিতে। একটি সিরিজ হয়েছে ড্র।

মূল লড়াইয়ের আগে ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।