২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরাকে তিন সংস্করণে না খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তার মতে, টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেছে বেছে খেলা উচিত এই পেসারের।
বুমরাকে নিয়ে শাস্ত্রীর এই পরামর্শের মূল কারণ ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখা। বিশ্বকাপে ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। তাই বিশ্বকাপের আগে তাকে সতেজ রাখার ওপর জোর দিয়েছেন শাস্ত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে শাস্ত্রী বলেন, বিশ্বকাপের আগে আমার মনে হয় না বুমরার তিন সংস্করণেই খেলা উচিত। তার মূল মনোযোগ থাকা উচিত টেস্ট ক্রিকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারেন বেছে বেছে, অনিয়মিতভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের জন্য আমি বরং তাকে সতেজ রাখতে চাই। ওই সিরিজে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
২০১৬ সালে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন বুমরা। তার অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষের ব্যাটারদের আটকাতে হিমশিম খেয়েছে ভারতের বোলাররা।
নিউজিল্যান্ড সফরের সাদা বলের দুই সিরিজে অবশ্য খেলবেন না বুমরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৪ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না তিনি। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরবেন এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে দুই ম্যাচেই জিততে হবে শুভমান গিলের দলকে।
শাস্ত্রী বলেন, ভারতের জন্য ফাইনালে ওঠার পথটা বেশ কঠিন। বাকি ম্যাচগুলোর প্রায় ৯০ শতাংশ জিততে হবে তাদের। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের অন্তত চারটিতে জেতা প্রয়োজন। কাজটা অসম্ভব নয়, তবে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপরও অনেক কিছু নির্ভর করছে।