বিদেশের মাটিতে টানা ব্যর্থতা আর ব্যাটিং ধসে ওয়ানডেতে পথ হারিয়েছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের আগে যা বড় অশনিসংকেত।
পরিসংখ্যান বলছে, গত দুই বছরে বিদেশের মাটিতে ১৯ ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি, হেরেছে ১৫টি, একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এই সময়ে বিদেশের মাটিতে কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে, গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও জেতা হয়নি।
আবুধাবিতে চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হারের পর থমথমে চেহারায় মাঠ ছাড়েন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলের খেলা দেখতে বিদেশে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেও ফল বদলাতে পারেননি তিনি।
দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতে কোনোভাবে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। অথচ যে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সেই যোগ্যতা এলো, তাকেই সরিয়ে দেওয়া হলো যোগ্যতা অর্জনের পরই।
ব্যর্থতার মূল কারণ ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো শুরুর পরও ধসে গেছে বাংলাদেশ। শেষ ১০ ওয়ানডের ৮টিতেই ২৪০ এর বেশি লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে দল। শেষ ৬ ম্যাচের একটিতেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় বলেন, “আসলে আমরা কিছু বোকার মতো ভুল করেছি। আশা করি, এগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারব।”
আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ।