মুসলিম হয়েও নামাজ পড়েন না শাবানা, কেন?

ধর্মীয় বিশ্বাস নিয়ে বরাবরই স্পষ্ট অবস্থান নিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী, গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার। ধর্ম নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়েছেন তারা। এবার নিজের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে মুখ খুললেন শাবানা। জানালেন, মুসলিম হিসেবে ঈদের আনন্দ, উর্দু ভাষার মাধুর্য ও ইসলামি খাবার উপভোগ করলেও তিনি নমাজ পড়েন না। শুধু তাই নয়, ধর্মীয় বিশ্বাসকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকা উচিত নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের বেড়ে ওঠা, পারিবারিক পরিবেশ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলেন শাবানা আজমি। সেখানে তিনি জানান, তার বাবা বিশিষ্ট উর্দু কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক। অন্যদিকে, তার মা শওকত আজমি কিছুটা ধর্মাচরণ করলেও বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতেন না। ফলে ছোটবেলা থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের চেয়ে পারিবারিক মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে তার সম্পর্ক বেশি গড়ে ওঠে।নিজের ভাষা ও সংস্কৃতির সঙ্গে ধর্মীয় শব্দের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে শাবানা জানান, মাঝেমধ্যে তিনি ‘মাশাল্লাহ’ কিংবা ‘ইনশাআল্লাহ’ শব্দগুলো ব্যবহার করেন। তবে এসব শব্দের ব্যবহার নিয়ে তার স্বামী জাভেদ আখতার প্রশ্ন তোলেন।

শাবানার ভাষ্য অনুযায়ী, জাভেদ তাকে জিজ্ঞেস করেন, তিনি বারবার এসব শব্দ কেন বলেন। কেউ যদি সব সময় তাকে ‘প্রভুজি কি মরজি’ বলে, তাহলে তার কেমন লাগবে-এমন প্রশ্নও করেন জাভেদ। তবে শাবানার মতে, ‘মাশাল্লাহ’ কিংবা ‘ইনশাআল্লাহ’ তার মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয়েরই অংশ। তাই এসব শব্দের ব্যবহারকে তিনি স্বাভাবিকভাবেই দেখেননিজের ধর্মীয় পরিচয় নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে শাবানা বলেন, “হ্যাঁ, আমি মুসলিম। আমার ঈদ ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নমাজ পড়ি না এবং ধর্মের সঙ্গে আমাদের সেই অর্থে কোনও সম্পর্ক নেই।”

অভিনেত্রীর এই বক্তব্যে স্পষ্ট, মুসলিম পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার ভালোবাসা থাকলেও ধর্মীয় আচার পালনের সঙ্গে নিজেকে সেভাবে যুক্ত করেন না তিনি। তার কাছে ভাষা, উৎসব ও খাদ্যসংস্কৃতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতাও তাৎপর্যপূর্ণ।

এ সময় স্বামী জাভেদ আখতারের ধর্মীয় অবস্থান নিয়েও কথা বলেন শাবানা। তার ভাষ্য, জাভেদ একজন ‘কট্টর নাস্তিক’। ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে শাবানা বলেন, “রাষ্ট্রের সঙ্গে এর কোনও সম্পর্ক থাকা উচিত নয়।”