শিক্ষার্থীদের গবেষণামূলক ভাবনা নিয়ে চাকসুর ‘প্রবন্ধসমগ্র’ প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিভিন্ন বিভাগের সেমিনারে উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত ‘প্রবন্ধসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে চাকসু বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। ক্যাম্পাসে চক্রাকার বাস চালু, তিনটি হলে আসন বাড়ানোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য ১০ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ভবন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া হলের রিডিং রুমের পরিবেশ উন্নয়ন এবং গণরুম ও গেস্টরুম সংস্কৃতি পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে চাকসুর জিএস সাইদ বিন হাবীব বলেন, এ ধরনের প্রবন্ধ সংকলন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও গবেষণামূলক ভাবনাগুলোকে একটি প্ল্যাটফর্মে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। গ্রন্থটি প্রকাশের জন্য লেখা সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে চাকসুর সম্পাদকরা পরিশ্রম করেছেন। এ ধরনের শিক্ষা ও সাহিত্য বান্ধব উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারেস মাতব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।