ডায়াল সিলেট ডেকস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, দেশের সব জায়গায় সিন্ডিকেট ও চাঁদাবাজি চলছে। যে দল তার কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়।
তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে ডা. শফিক বলেন, শহীদ পরিবারের সদস্যদের পাশেও সরকার ঠিকমতো দাঁড়ায় নি। আমরা সরকারে গেলে প্রথমেই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার নিশ্চয়তাসহ শহীদ পরিবারের পাশে দাঁড়াব।
তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। দেশে আরেকটি যুদ্ধ হবে। আর তা হবে দুর্নীতির বিরুদ্ধে।
জামায়াত আমির বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক তরুণ তরুণীকে দেশ গড়ার কাজে গড়ে তুলব।
কোন দেশ প্রভু নয় আমাদের এমনটি উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশীদের অধিকার রক্ষায় বৈরীতা নয় সমমর্যাদার ভিত্তিতে কাজ করব।
শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্য শেষে আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের জন্য সরকারের নিকট দাবি জানান।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এতে আরো বক্তব্য রাখেন, জামায়াতের সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমীর মখলিছুর রহমান, জয়নাল আবেদীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী,মাওলানা লুৎফর রহমান হুমায়দী, জামিল আহমদ রাজু,শামীম আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
সভা পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত যোদ্ধারা বক্তব্য রাখেন।