সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দর বা নৌবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ উপকূল অতিক্রম ও পরবর্তী প্রভাবের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এমন বৈরী আবহাওয়া বিরাজ করছে। নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।