রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্রবিরোধী স্লোগানের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজুল ইসলাম আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলির মুখে রাস্তার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০০ থেকে ১২০ নেতাকর্মী সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। খবর পেয়ে পল্টন মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে এ ঘটনায় মামলা করা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগের তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামিদের শনাক্ত করা, নাশকতায় অর্থ জোগানদাতাদের খুঁজে বের করা, নাশকতায় ব্যবহারের জন্য রাখা অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার পেছনে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
একই ঘটনায় মামলার এজাহারে উল্লেখ করা ১৬ থেকে ১৯ নম্বর আসামির মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলেও আবেদনে বলা হয়েছে।
পল্টন মডেল থানায় করা মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।