সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮টি হাই পাওয়ার জেল, যার গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে। এছাড়া ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১২০ জনকে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান ও সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে। এ কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।