আন্তর্জাতিক

গণহত্যার রায়ের পর মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গণহত্যার রায়ের পর মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করার ঘটনা হিসেবে এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ওই অভিযানে রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেওয়া, নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ ওঠে।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার ও। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুধু মূল্যবোধের প্রকাশ হলেই চলবে না, এর সঙ্গে কার্যকর পদক্ষেপও থাকতে হবে।

এড মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন দেশটির বর্তমান নেতা মিন অং হ্লাইং। সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধের তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপের আহ্বান জানান তিনি।

মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে আইসিজের রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করে যুক্তরাজ্য। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে বিশেষ বৈঠক আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার দেওয়া রায়ে আইসিজে বলেছে, আদালতের কাছে উপস্থাপিত প্রমাণ থেকে গণহত্যার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিচারকদের মধ্যে ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের ক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠ বিচারক মিয়ানমারের বিরুদ্ধে রায় দেন।

রায়ে বলা হয়, রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। তবে মিয়ানমার বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে। গণহত্যার সময় দেশটির নেতা ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

এদিকে মিয়ানমারে এখনো বিমান হামলা ও আরাকান আর্মির সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে বলে যুক্তরাজ্যের পার্লামেন্টে জানানো হয়েছে।