মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার রাত ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলা ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। নুরজাহান বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। পুলিশ ট্রাক ও ইজিবাইক হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।