নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী জেএম সেন হলে আগামীকাল মঙ্গলবার দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯৩ সালে জন্মাষ্টমীর অনুষ্ঠানে তার মা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ হলে এসেছিলেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসএফের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, আনসার ও বিজিবির কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবেন।
পুলিশ জানিয়েছে, পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে।
জেএম সেন হলের প্রাঙ্গণ উদ্বোধন করা হয়েছিল ১৯২০ সালের ৮ ফেব্রুয়ারি। এখানে মহানবমীর সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হলে যাবেন তিনি। এরপর রেডিসন ব্লুতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন।