নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে বলসোনারো বাতিল পাসপোর্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো। অর্থপাচারের তদন্তের মধ্যে আদালতের নির্দেশে পাসপোর্ট জমা না দেওয়ার পর তার দেশত্যাগ নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৬ অক্টোবর) ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। অর্থপাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট জমা না দেওয়ায় মঙ্গলবার তাঁর ব্রাজিলীয় পাসপোর্ট বাতিল করা হয়।

বিবিসিকে একাধিক সূত্র জানিয়েছে, ফ্লাভিও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে তাঁর ভাই এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে দেখা করেছেন। তবে তিনি কোন পথে ব্রাজিল ছেড়েছেন, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সীমান্ত দিয়ে ফ্লাভিওর প্রবেশের কোনো রেকর্ড নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাভিও ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হবে।

গত রবিবারের নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট পেয়ে পরাজিত হন ফ্লাভিও। লুলা পান ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোট। ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে ফ্লাভিও নির্বাচন বাতিলের দাবি তুলেছিলেন।

অর্থপাচারের অভিযোগ অস্বীকার করে ফ্লাভিও একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছেন। এখনো তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।