‘বৌদি’ ডাকা ও ‘বন্ধু কালচার’ বন্ধের পরামর্শ বিজেপি নেতার

সামাজিক অবক্ষয় রোধের যুক্তি দেখিয়ে সমাজ থেকে ‘বৌদি-ভাবি’ সম্বোধন এবং বাড়িতে বন্ধুদের নিয়ে যাওয়ার ‘বন্ধু কালচার’ বন্ধ করার পরামর্শ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক বিজেপি নেতা।

মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদারের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তাঁর মতে, রক্তের বা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক না থাকলে কোনো নারীকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা উচিত নয়; বরং নারীদের সম্মান জানাতে ‘দিদি’ বা ‘বোন’ বলে সম্বোধন করা প্রয়োজন।

স্থানীয় এক সভায় বক্তব্য রাখার সময় বিষ্ণুচরণ শিকদার বলেন, ‘বৌদি এবং ভাবি কালচার খতম করতে হবে। এই বৌদি এবং ভাবি কালচার থেকে সমাজে অনেক নোংরা জুটে যায়। একেবারে আপন দেবর, মামাতো দেবর বা ফুফাতো দেবর ছাড়া কেউ কাউকে বৌদি বলবে না।’

অপরিচিত বা পরিচিত নারীদের কী বলে সম্বোধন করা উচিত, সে বিষয়েও পরামর্শ দেন তিনি। ওই নেতা বলেন, ‘যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, হঠাৎ করে বলি “ভাবি একটু সরে বসুন তো” বা “বৌদি একটু সরে বসুন তো”—এটা বলব না। বলব, “দিদি বা বোন, আপনি একটু সরে বসুন, আমি একটু বসবো এখানে।”’

এ ক্ষেত্রে নারীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি পরামর্শ দেন, বয়সে ছোট কেউ ‘বৌদি’ বলে ডাকলে নারীদেরই উচিত তাকে ‘দিদি’ বলে ডাকতে বলা এবং বয়সে বড় হলে ‘বোন’ বলে ডাকতে বলা।

‘বৌদি-ভাবি’ সম্বোধনের পাশাপাশি তরুণ প্রজন্মের পুরুষদের বাড়িতে বন্ধু নিয়ে যাওয়ার সংস্কৃতিও বন্ধ করার আহ্বান জানান বিষ্ণুচরণ শিকদার।

তিনি বলেন, ‘পুরুষ মানুষদের, বিশেষ করে ইয়ং জেনারেশনকে বলি, কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না। এখন ফোনের যুগ আছে। বন্ধু যদি ফোনে বলে “তুই বাড়িতে থাক, আমি আসছি”, তবে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন—“না, তুই ওখানেই চায়ের দোকানে, মন্দিরের সামনে বা ক্লাবের সামনে বস, আমি আসছি দেখা করতে।”’

এই ‘বন্ধু কালচার’ ধীরে ধীরে বন্ধ করতে পারলে সমাজের অনেক খারাপ জিনিস ও উৎপাত দূর হবে বলেও দাবি করেন তিনি।

বিজেপি নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সমালোচকদের একাংশের মতে, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক শিষ্টাচারের বিষয়গুলোতে রাজনৈতিক নেতাদের এ ধরনের অযাচিত হস্তক্ষেপ বা নীতিপুলিশি গ্রহণযোগ্য নয়। এটি মানুষের স্বাভাবিক সামাজিক মেলামেশাকে সন্দেহের চোখে দেখার প্রবণতা বাড়ায় বলে মনে করছেন অনেকেই।রাজনৈতিক খবর পড়ুন

অন্যদিকে, সমর্থকদের কারও কারও মতে, গ্রামীণ ও মফস্বল সমাজে পারিবারিক মূল্যবোধ বজায় রাখার উদ্দেশ্যেই তিনি এই কথা বলেছেন। তবে এ বিষয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।