যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দেশটিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে টেলিকম যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’ বলছে, এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পাবরে। তবে নতুন কোনো ফ্লাইট বিমানবন্দর ছাড়তে পারছে না।

এফএএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় তারা।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগে জটিলতার কারণে নজিরবিহীন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিবিদেরা ত্রুটির বিষয়টি সমাধানে কাজ করছেন।

দুর্ভোগে যাত্রীরা
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। ফ্লাইট চাল হতে কত সময় লাগবে এখনও সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। স্থগিতাদেশ তুলে নেওয়ার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে সে বিষয়েও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থাগুলো।ঘড়ি কিনুন

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।

এর আগে শিকাগো বিমানবন্দর থেকেও একই ধরনের যোগাযোগগত সমস্যার কারণে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটে এ খাত চাপে রয়েছে। এসব অবকাঠামো আধুনিক করার জন্য ২০২৫ সালে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয় কংগ্রেস। তবে তা যথেষ্ট নয় জানিয়ে শুক্রবার দেশটির আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে এফএএ।