খাগড়াছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও স্থায়ী বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সাজেকের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
আগামী ডিসেম্বরে কমিটির সদস্যরা তিন পার্বত্য জেলা সফর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) জাতীয় সংসদে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা, নির্দেশনা ও সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
সাজেকের সমস্যা নিয়ে কমিটির সুপারিশের বিষয়ে আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, ‘সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। একই সঙ্গে বলেছি, তারা যেন ওখানে কার্যক্রম চালায় এবং সমাধানের লক্ষ্যে ভূমিকা রাখে। পাশাপাশি ওদের ক্ষয়ক্ষতি হয়ে থাকলে ক্ষয়ক্ষতির কিছু ক্ষতিপূরণ শ্রমিক ও স্থায়ী বাসিন্দাদের দেওয়ার জন্য প্রস্তাব করে।’