সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় টমেটো-কমলাসহ তিন পিকআপ আটক

স্টাফ রিপোর্টার:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় টমেটো ও কমলাসহ তিনটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (শুক্রবার) রাত ৩টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন মহালদিক এলাকার তাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন এএসআই (নিঃ) বিদ্যা সাগর দেববর্মা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ সময় কোম্পানীগঞ্জ থেকে সাহেব বাজারগামী দুটি ডিআই পিকআপ ও একটি এইচ মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে গাড়িগুলোর চালকরা পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের পিছু ধাওয়া করলে একপর্যায়ে চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িগুলো রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।

পরে পুলিশ পরিত্যক্ত গাড়িগুলো তল্লাশি করে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিআই পিকআপ, ঢাকা মেট্রো-ন-১৩-৪৭৫৯ নম্বরের একটি ডিআই পিকআপ এবং ঢাকা মেট্রো-ন-১৯-৯৫২৯ নম্বরের একটি এইচ পিকআপ থেকে ৩ হাজার ৯৯৮ কেজি ভারতীয় টমেটো ও ৩০০ কেজি ভারতীয় ছোট কমলা উদ্ধার করে।

উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ১৮, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।