সেই এসিল্যান্ড এখন কেমন আছেন

আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ফেসবুকে এমন চাঞ্চল্যকর পোস্ট দেওয়া জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ।

ঢাকার ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে রোববার বিকালে তিনি তার বাড়ি চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।রোববার বিকালে যুগান্তরকে তিনি বলেন, জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি তার চট্টগ্রামের নিজ বাড়িতে যাচ্ছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে কর্মস্থলে ফিরবেন।

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পোস্ট দুটি দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এদিকে ঘটনাটি ঘিরে ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এর কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জে এসিল্যান্ড ও ইউএনওকে ঘিরে সৃষ্ট ঘটনার সমস্ত কিছু পর্যালোচনা করে দেখা গেছে, সেখানকার ইউএনওর সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় ছিল না। এসিল্যান্ডের সঙ্গে ইউএনওর বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

তিনি বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট পূর্বে তিনি তার পরিবারসহ ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি উনি কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর লাশ দেখে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, তিনি কর্মস্থলে ফেরার পর শুক্রবার (২৩ অক্টোবর) রাতের ঘটনা কেন কিভাবে ঘটেছে বিস্তারিত জানা যাবে। আমরা নিয়মিত তার খোঁজখবর রাখছি।

এ ব্যাপারে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘প্রথমে জানতে পারি এসিল্যান্ডের মোবাইল হ্যাক হয়েছে। পরে তার স্ত্রী জানান, মোবাইল হ্যাক হয়নি, পোস্টগুলো এসিল্যান্ডই করেছেন। পরে তার স্ত্রী সেগুলো মুছে ফেলেন।