‘হৃদয়কে টুপি খোলা অভিনন্দন’

সিলেট টেস্টে যেখান থেকে শুরু করেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক সেখান থেকেই শুরু করেছেন তাওহীদ হৃদয়। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে এই ব্যাটারকে প্রশংসায় ভাসালেন প্রোটিয়াদের তারকা পেসার কাগিসো রাবাদা।

প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৭ রান করেছে বাংলাদেশ। অথচ সফরকারীদের শুরুর চিত্রটা ছিল খুবই ভয়াবহ। মাত্র ২২ রানেই মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন হৃদয়।

দারুণ ব্যাট করতে থাকা তামিম ৬৭ রানে ফেরার পরের বলেই গোল্ডেন ডাক মেরে আউট হন মুশফিকুর রহিম। ১২১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে লিটন দাসকে নিয়ে হৃদয় ১২৬ রানের আরও একটি জুটি গড়লে অলআউটের শঙ্কা কাটিয়ে স্বস্তিতেই দিনটা পার করে দেয় অতিথিরা। দিনের শেষ বলে আউট হওয়ার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে ১৩৭ রান। ১৪ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির (২৪২) পর দ্বিতীয় ইনিংসে ৮২ রানে আউট হন হৃদয়। এবার আর কোনো ভুল করলেন না তিনি। ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন হৃদয়। সব মিলিয়ে সময়টা দারুণ পার করছেন এই ব্যাটার।

দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রাবাদা বলেন, ‘১৩০ রানে তাদের ৫ উইকেট ছিল, সেখান থেকে ২০০ রানের জুটি বানিয়েছে। দারুণ ব্যাট করেছে। কেউই এসব আশা করেনি। বেশ ভালোভাবে নিজেদেরকে এপ্লাই করেছে তারা। এটাই ক্রিকেটের সৌন্দর্য। হৃদয় অনেক ভালো খেলেছে। আমরা অনেক কিছু চেষ্টা করে গেছি তার বিরুদ্ধে (তাও আউট করতে ঘাম ঝরাতে হয়েছে) তাকে টুপি খোলা অভিনন্দন।’