এবারের ঢাকা সফর ছিল কেবল যাত্রাবিরতি। তবে বাংলাদেশে আবারও ফিরতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আজ রোববার মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন তিনি। বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।
সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইনফান্তিনো বলেন, ‘এবার এটি শুধুই একটি সংক্ষিপ্ত সফর ছিল, তবে খুব শিগগিরই আমাকে ফিরে আসতে হবে। দক্ষিণাঞ্চলে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমি তৈরির এবং দেশের অন্যান্য অংশেও বেশ কিছু দুর্দান্ত প্রকল্প রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি বড় দেশ এবং ফুটবলের দেশ। আমি অবশ্যই ফিরে আসব। একসঙ্গে ফুটবলে আরও বড় প্রভাব ফেলতে আবারও ফিরে আসব।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল সেন্টার নির্মাণ, সিলেটে হাইব্রিড পিচ স্থাপন এবং ফেডারেশনের ব্যবস্থাপনায় থাকা দুটি স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হলে ফিফা সভাপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। তবে পরবর্তী সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।