ইরানে পুনরায় হামলা ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপে কথা-কাটাকাটি ও তুমুল বাগ্বিতণ্ডা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের এক প্রতিবেদনে এই কথোপকথনকে ‘নরকের মতো চেঁচামেচি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে, তবে হোয়াইট হাউস ও কূটনৈতিক একাধিক সূত্র নিশ্চিত করেছে যে—দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে মতপার্থক্য চরমে পৌঁছেছে।সংবাদ বিশ্লেষণ
এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে পুনরায় হামলার জন্য ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু প্রায় প্রতিদিনই তাঁকে ফোন করছেন।
আলোচনার বিষয়ে অবগত এক সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধ শুরু করার জন্য প্রতিদিন ট্রাম্পকে ফোন করছেন। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যাঁরা নতুন করে যুদ্ধ চান না, তাঁরা নেতানিয়াহুর এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।
পাশাপাশি, আরব ও মুসলিম বিশ্বের আঞ্চলিক নেতারাও ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি সিবিএস নিউজের সিক্সটি মিনিটস নামের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ইরানে পুনরায় হামলা চালানো হবে কি না—এর উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করার মতো কোনো যুক্তিসংগত কারণ আছে বলে আমি মনে করি না।’
এদিকে গত মঙ্গলবার ২৬তম নেসেটে (ইসরায়েলি সংসদ) ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও নিজের দেশের ভেতরের বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু দাবি করেন, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই অস্তিত্বের হুমকি স্থায়ীভাবে নির্মূল করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ সরকারের পতন ঘটানো। নয়তো শিগগির পারমাণবিক শক্তিধর ইরানকে মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে চাপ আসবে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প হুট করে সরাসরি সামরিক অভিযানে না গিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান।
তবে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এ ধরনের মতপার্থক্য এবারই প্রথম নয়। এর আগে গত জুনেও এক উত্তপ্ত ফোনালাপের পর ট্রাম্প সংবাদমাধ্যমে নেতানিয়াহুকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।