গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন

এ কে আজাদ স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট বাইপাস এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ওলামা দলের বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এমএম কামাল উদ্দিন, গোয়াইনঘাট বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সহসাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিলেট জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, আলীম উদ্দিন, যুবদল নেতা সাহানুর আহমদ ও তানজিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সালেহ আহমদ বলেন, আপনার বিশ্বস্ত ভ্রমণসঙ্গী’ স্লোগানকে সামনে রেখে গ্রাহকদের আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে সেবা দিতে চাই আমরা। এলাকার মানুষের হজ-ওমরাহ, বিদেশযাত্রা ও ভিসাসংক্রান্ত সেবা সহজলভ্য করাই আমাদের অন্যতম লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

স্থানীয়রা জানান, আগে ভিসা ও বিদেশযাত্রাসংক্রান্ত বিভিন্ন কাজে গোয়াইনঘাট থেকে সিলেট কিংবা ঢাকায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার অভিযোগও ছিল। নিজ এলাকায় গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস চালু হওয়ায় এখন সহজে সেবা পাওয়ার প্রত্যাশা করছেন তারা। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রতিকার চাওয়াও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

তারা আরও বলেন, এ উদ্যোগ বিশেষ করে প্রবাসগামী মানুষ, প্রবাসী পরিবার ও তরুণ প্রজন্মের জন্য উপকারী হতে পারে। তবে সেবার মান, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

প্রতিষ্ঠানটিতে হজ ও ওমরাহ, বিমান টিকিট, কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, জনশক্তি ও কনসালটেন্সি সেবা দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন দেশের বিমান টিকিট, ভিসা যাচাই এবং পাসপোর্টসংক্রান্ত সেবাও দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গোয়াইনঘাট বাইপাস এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের ভ্রমণ ও বিদেশযাত্রাসংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ আরও সহজ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।