বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতিকে সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে প্রবাসে থেকেও শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখায়, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি গুলজার খানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায়, উপজেলা পরিষদ হলরুমে ‘বিশ্বনাথ উপজেলাবাসী’র উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব‍্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা ও শিক্ষার প্রসারে কাজ করছে। গুলজার খানের মতো সমাজসেবীদের সম্মাননা দেওয়া ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অন্যদেরও মানবকল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে গুলজার খান বলেন, ‘এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। এ সম্মান আমার একার নয়, এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও মানবকল্যাণে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’

সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, বিএনপি নেতা সুরমান খান, গৌছ আলী, মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ।

এসময় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়া জাসাসের উপজেলা শাখা, জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও গুলজার খানকে সম্মাননা দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।