বিশ্ববাজারে স্বর্ণ ও রৌপ্যের দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ১০০ ডলারের নিচে নেমে গেছে। একই সময়ে রুপার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কায় মূল্যবান ধাতু দুটির দামে এ পতন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় সকাল ৮টা পর্যন্ত স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫২ ডলার ১৫ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে ৪ হাজার ৮৮ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, রুপার দাম ২ ডলার ৭ সেন্ট বা ৩ দশমিক ৫৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৫ ডলার ৮৯ সেন্টে নেমেছে।মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণ ও রুপা দুটি ধাতুরি দাম কমেছে বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার পর তেলের দাম বেড়েছে। এ ছাড়া সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বেড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা দুর্বল হয়েছে।

বাজার বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যেও সুদের হার অপরিবর্তিত রাখার এ প্রত্যাশায় বড় কোনো পরিবর্তন আসেনি।

জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় বাজারে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।