রিয়ালকে সাবেক তারকার প্রশ্ন, লজ্জা করে না?

 

৪-১ গোলে জিতেও রেফারিং বিতর্ক পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। সেভিয়ার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সেভিয়ার সাবেক ফুটবলার আন্তোনিতো।

সেভিয়ার অফিশিয়াল রেডিওতে তিনি বলেন, রেফারিদের নিয়ে অভিযোগ করতে রিয়ালের লজ্জা করে না কেন? তার দাবি, ম্যাচের স্কোর ০-০ থাকা অবস্থায় পেকে ফার্নান্দেজকে আর্দা গুলেরের কনুইয়ের আঘাত, দ্বিতীয় গোলের আগে ফাউল এবং পেনাল্টির সিদ্ধান্ত সবই সেভিয়ার বিপক্ষে গেছে।

আন্তোনিতো বলেন, “তাদের অজুহাত হলো, পেকের কনুইয়ের আঘাত তারা স্পষ্ট দেখতে পায়নি। অথচ এটি ম্যাচের নির্ণায়ক ঘটনা ছিল। এ কেমন ফুটবল! লা লিগা ও ভিএআরের কি লজ্জা করে না?”

তিনি আরও বলেন, ওই ঘটনায় গুলেরকে লাল কার্ড দেখানো উচিত ছিল। রিয়ালের দ্বিতীয় গোলের আগে ফাউল হয়েছিল এবং সেভিয়ার একটি গোল বাতিল করা হয়েছে। তার মতে, “যে পেনাল্টি দেওয়া হয়েছে, সেটি হাস্যকর। এমন পেনাল্টি শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্যই দেওয়া হয়।”

বড় কোনো চোট বা লাল কার্ড ছাড়া ম্যাচ শেষ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ গোপন করেননি এই সাবেক তারকা।